
কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী বিচ এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এর আগে পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছিল ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় তারা। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। পরে সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন



