হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীকে হেলপারের অশ্লীল মন্তব্য, ছাত্রীদের সড়ক অবরোধ

রাজধানীর একটি বাসে অর্ধেক (হাফ) ভাড়া দেওয়ায় প্রকাশ্যে এক ছাত্রীকে হেলপারের অশ্লীল মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজের ছাত্রীরা। রোববার (২১ নভেম্বর) সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। এসময় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী ফেসবুকে বাস চালক ও হেলপারের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করার ঘটনায় এই আন্দোলনের সূত্রপাত। তিনি অভিযোগ করেন, হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের চালক ও হেলপার তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন।
এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে কলেজটির শিক্ষার্থীরা রাজধানীর বকশী বাজার সড়ক অবরোধ করলে সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। অভিযোগকারী ওই ছাত্রী বলেন, শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে কলেজে আসার পথে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এসময় হেলপার তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। তিনি বলেন, পরে বাস থেকে নামার সময়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেয় হেলপার। তিনি জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এ রুটের বাসগুলো হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীদের বাসে তোলে না। ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে। হাফ ভাড়া দিতে চাইলেই বাসে হইহুল্লোড় করে বাস থেকে নামিয়ে দেয়। আমরা সুশৃঙ্খলভাবে বাসে চলাচল করতে চাই। এ দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি। তারা এইসব ঘটনার যথাযথ তদন্ত শেষে বিচার দাবি করেন। একইসঙ্গে বাস মালিকদেরকে কলেজে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান।
