হাফ ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর: ৯ বাস আটক

‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনে হাফ ভাড়া দিতে চাওয়ায় এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের নয়টি বাস আটক করে রেখেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের প্রধান ফটকের সামনে মিরপুর রোড থেকে আসা এ বাসগুলো আটক করেন তারা। এরপর আটক বাসগুলো কলেজের পাশের নায়েমের গলিতে রাখা হয়।
শিক্ষার্থীরা জানান, বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামলী বাস স্ট্যান্ড এলাকায় হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই বাসে থাকা ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হন।
তারা হলেন- কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আশফাক ইমতিয়াজ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমিত হাসান। তারা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।
এছাড়া বাসে হাতাহাতির একপর্যায়ে ওই শিক্ষার্থীদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, ঘটনাটি শ্যামলী এলাকার। পরবর্তীতে শিক্ষার্থীরা এখানে বাস আটক করেছেন। আমরা খবর পেয়ে এসেছি এবং কলেজ প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
