বান্দরবানে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

বান্দরবানের রুমায় সংঘর্ষের ঘটনায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।
শুক্রবার সকালে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। সেখানে যাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।
এসএ



