মাদককারবারীদের গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা বুড়িচংয়ে মাদক কারবারীদের গুলিতে নিহত হয়েছেন এক সাংবাদিক।
নিহত সাংবাদিকের নাম মহিউদ্দিন সরকার নাঈম। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি পত্রিকাসহ আনন্দ টিভিতে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন নাঈম।
বুধবার রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ ভারতীয় সীমান্তবর্তী এলাকা শংকুচাইলে এ ঘটনা ঘটে।
মাদক কারবারীদের সাথে মহিউদ্দিন সরকার নাঈমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা যায়। এর জের ধরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ বুড়িচং হাসপাতালে রয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। নিহত মহিউদ্দিনের কাছে কুমিল্লার একটি স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়পত্র পাওয়া গেছে।
এসএ



