নড়াইলে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় একাধিক হত্যাসহ বিবিধ মামলার আসামি সোহেল খাঁ কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সোহেল খাঁ (৪৫) দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার রহমান ওরফে বদির কানার ছেলে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সহ এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল রাতে তার শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা স্বামী-স্ত্রী দুজন ঘর থেকে বের হয়ে পাশের রাস্তায় দাঁড়ান। এসময় আকস্মিকভাবে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ৩টি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যববস্থা নেয়া হচ্ছে।
এসএ
