হিজড়াদের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী জেলা শহর মাইজদী খান বাড়ি মসজিদের পশ্চিম পাশে হিজড়াদের এক বাড়ি থেকে তারেক হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের হাসপাতাল সড়কের পশ্চিম মাইজদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, হিজড়ারা তারেককে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
নিহত তারেক জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে হিজড়াদের সঙ্গে একই বাসায় থাকতেন। শুক্রবার হিজড়ারা সবাই বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় তারা বাসায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারেকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানান, ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তারেক।
মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



