অতিরিক্ত ভাড়া না দেয়ায় যাত্রীকে হত্যা

ইজিবাইক চালক জাকির হোসেনের (৫০) সাথে ভাড়ার বিষয়ে চুক্তি থাকলেও সে যাত্রী আলী হোসেনের (৫২) থেকে অতিরিক্ত ভাড়া দাবি করে। অতিরিক্ত ভাড়া না দেয়ায় আলী হোসেনকে হত্যা করে ইজিবাইক চালক জাকির হোসেন।
বৃহস্পতিবার (১২ মে) কুমিল্লা জেলার দাউদকান্দির নৈয়ার বাজার এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সিআইডির সদরদপ্তর মালিবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি বলেন, গত ৫ মে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার ইছাপুর ইউনিয়নের লালবাগ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মুক্তা ধর বলেন, ঈদ উপলক্ষে জাকিরের সাথে আলী হোসেন দেওয়ানের ইজিবাইক ভাড়ার বিষয়ে চুক্তি থাকলেও সে অতিরিক্ত ভাড়া দাবি করে। আলী হোসেন অতিরিক্ত ভাড়া না দেয়ায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জাকির হোসেন আলী হোসেনকে কিল-ঘুষি মারতে থাকে। তখন জাকিরের সাথে অন্য আরেক চালক মিশুক উপস্থিত হয়ে দুইজন মিলে আলী হোসেনকে কিল-ঘুষি-লাথি মেরে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তাকে পার্শ্ববর্তী নার্সারির কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এই ঘটনায় ৬ মে মৃত আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ইজিবাইক চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে সিআইডি জাকির হোসেনকে গ্রেপ্তার করে।



