শিশুর কামড়ে সাপের মৃত্যু

সাপের কামড়ে মানুষ মরে। এবার মানুষের কামড়ে মরল সাপ। তাও আবার বিষধর গোখরার বাচ্চা। আরও অবাক করা বিষয়, সাপটিকে কামড়ে মেরেছে মাত্র এক বছরের ছোট শিশু।
মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটেছে।
ওই শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস। সে উজলপুর গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। শিশুটিও সুস্থ আছে।
জানা যায়, সকালে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে ঘটের নিচে চলে যায়। এসময় ঘটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ ঘটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।



