জয়পুরহাটে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মাথা থেঁতলে করা লাশ উদ্ধার

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুরে ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা ইট দিয়ে আঘাত করে তার মাথা থেঁতলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে কাঁনচপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম আশরাফুল ইসলাম (৩২)। নিহত আশরাফুল কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। তিলকপুর রেলস্টেশনে তার একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
প্রেমঘটিত কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।
জানা গেছে, আশরাফুল ইসলাম প্রতিদিন রাত আটটার পর দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। তবে বৃহস্পতিবার রাতে তিনি আর বাড়িতে ফিরেননি। পরে শুক্রবার সকাল ছয়টার দিকে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এক ব্যক্তি। এরপর আশরাফুলের পরিবার ও স্বজনরা গিয়ে লাশটি শনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মাথা থেতলানো এবং গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানান, শুক্রবার সকালে গ্রামের মাঠের ধানক্ষেতে আশরাফুলের রক্তাক্ত লাশ পাওয়া যায়। দুর্বৃত্তরা ইট দিয়ে তার মাথা থেঁতলে দিয়েছে।
তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয় বলে জানান পুলিশ।



