সারাদেশ

সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। রাতে ঘুমের মধ্যে সাপে কামড় দিলে ওঝা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সকালে তাদের মৃত্যু হয়।

মৃত নববধূর নাম কামরুন্নাহার (১৭)। আর শাশুড়ির নাম জয়নব বেগম (৪৮)। তাদের বাড়ি জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামে।

জানা গেছে, সোমবার রাতে তারা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত ২টার পর নববধূ কামরুন্নাহার তার স্বামী হাবিবুল বাহারকে জানান তার মাজায় কিসে যেনো কামড় দিয়েছে। এই সময় পাশের ঘর থেকে তার শাশুড়ি জয়নব বেগমও স্বামী আব্দুস ছাত্তারকে জানান তার হাতে কিসে যেনো কামড় দিয়েছে।

পরে রাতেই শুরু হয় গ্রামের ওঝাদের চিকিৎসা। এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসার একপর্যায়ে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল ৯টার দিকে প্রথমে নববধূ ও পরে শাশুড়ি মারা যান।

চিকিৎসক জানান, তারা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। সাপে কেটেছে কিনা সেটা নিশ্চিত করার কোনো পরীক্ষা নেই। তবে ধারণা করা হচ্ছে তাদেরকে সাপে কামড় দিয়েছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button