কুড়িগ্রামে আমের ডাল কাটা নিয়ে দ্বন্দে ভাই-বোন নিহত

কুড়িগ্রামে আমের ডাল কাটা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলায় সত্তরোর্ধ্ব দুই ভাই-বোন নিহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে রাতেই ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার কাঠালাবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের আম গাছের ডাল কাটা নিয়ে প্রতিপক্ষ দুলাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানের। বুধবার দিনের বেলা এ ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে পরিবারের অন্যন্য সদস্যসহ লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে আকষ্মিক হামলা চালায় দুলাল মিয়া ও তার লোকজন। এতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম। পরে তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হামলার ঘটনায় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ আরো দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানান, বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।



