বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবি, নারী-শিশুসহ ৮ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত চার জন।
এ সময় ৩৪ জন যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হয়।
নিহত আট জনের মধ্যে তিন শিশু ও তিন নারী রয়েছেন।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসের কাঠি এলাকার ডহুরি খালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকেও ডুবুরি দল আসছে।’
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত আট জনের লাশ পাওয়া গেছে। ৩৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, নিহতদের সবাইকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। সূত্র: সারা বাংলা



