সারাদেশ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনায় গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল!

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে নগরীর গল্লামারী এলাকায় লাগানো একটি আপেল গাছে সুতা দিয়ে কৃত্রিমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে দুটি আপেল। গাছে প্রাকৃতিকভাবে ফল না ধরলেও এমন দৃশ্য পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রসিকতা।

গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি লাগানো হয় নানা জাতের গাছ ও ফুল। তবে গল্লামারী এলাকার আপেল গাছটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর শেষ হলেও সুতা দিয়ে ঝোলানো আপেল দুটি এখনো গাছটিতে রয়েছে। সেগুলো দেখতে সেখানে ভিড় করছেন পথচারী ও দর্শনার্থীরা।

রোববার (৮ নভেম্বর) সকালে গাছটি দেখতে আসেন স্থানীয় বাসিন্দা আল আমিন শেখ। তিনি বলেন, গল্লামারীতে একটি গাছে আপেল ঝুলিয়ে রাখা হয়েছে শুনে সেটি দেখতে এসেছেন।

আরেক দর্শনার্থী বলেন, গল্লামারীর সৌন্দর্য বাড়ানোর জন্য গাছটি লাগানো হয়েছে। গাছে আপেল না ধরলেও সৌন্দর্যের জন্য কৃত্রিমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এটি দেখতে পেলে ভালো লাগত বলেও মন্তব্য করেন তিনি।

এক বিএনপির কর্মী বলেন, এটি একটি আপেল গাছ। প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধনে সিটি করপোরেশন অনেক কাজ করেছে। এর মধ্যে গাছ লাগানো অন্যতম। শহরের প্রবেশপথে গাছটি লাগানো হয়েছে এবং সৌন্দর্য বাড়াতে তাতে সুতা দিয়ে আপেল বেঁধে দেওয়া হয়েছে।

পাশের ফল বিক্রেতা জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক পাশের একটি নার্সারি থেকে আপেল গাছটি এনে লাগান। গাছটিতে দুটি আপেল ছিল। গাছ লাগানোর তিন দিন পর একটি আপেল চুরি হয়ে যায়। এর চার দিন পর আরেকটি আপেলও চুরি হয়। পরে সৌন্দর্য বাড়াতে তিনি গাছটিতে সুতা দিয়ে দুটি আপেল ঝুলিয়ে দেন।

গাছে কৃত্রিমভাবে আপেল ঝুলিয়ে রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। রায়হান ব্লগ নামে একজন লিখেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গল্লামারীতে লাগানো আপেল গাছে ফল না ধরলেও সুতা দিয়ে দুটি আপেল ঝুলিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে একটি আপেল চুরি হয়ে গেছে। বাকি আপেলটি কতক্ষণ থাকে, সেটিই এখন দেখার বিষয়।

নীলপরি নামের একজন রসিকতা করে লিখেছেন, খুলনার গল্লামারীতে আপেল গাছ, তাতে আবার আপেলও রয়েছে-এটি চিন্তার বিষয়। এবার মনে হয় বাংলাদেশে নিউটনেরও জন্ম হবে!

নুরুজ্জামান ইএএক্সপি লিখেছেন, ‘খুলনায় ম্যাজিক আপেল গাছ! মাত্র তিন দিনেই গাছে আপেল ঝুলছে! বাঙালি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে।’

অন্যদিকে ইয়াসমিন আক্তার রসিকতা করে লিখেছেন, ‘খুলনা গল্লামারী আপেল গাছ গাইজ। এইবার বোধহয় নিউটনের চার নম্বর সূত্র আবিষ্কার করেই ফেলব।’

এ বিষয়ে সিটি করপোরেশনের স্টেট অফিসার বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অনেক গাছ লাগানো হয়েছে। গল্লামারীর আপেল গাছের বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তাঁর জানা মতে, গাছের ফল মানুষ নিয়ে যাওয়ায় পাশের ফল বিক্রেতা সুতা দিয়ে গাছে আপেল ঝুলিয়ে দিয়েছেন।

তথ্যসূত্র: ক্যাম্পাস টাইম্‌স

এই বিভাগের অন্য খবর

Back to top button