সারাদেশ
প্রধান খবর

বিস্ফোরণ ও অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, বিভিন্ন স্থানে আতঙ্ক

রাজধানী ঢাকাজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, দোকানে আগুন এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফার্মগেট, সিএমএম আদালত, বাঙলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একাধিক স্থানে এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, উত্তরার শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে, বাঙলা কলেজের ক্যাম্পাসের ফটক এবং পোস্তগোলা সেতুর কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সন্ধ্যা ৭টার দিকে ফার্মগেট ও শিল্পাঞ্চল এলাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। বৃষ্টির মধ্যেও সেখানে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ব্যাগটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।’

এদিকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানীর মালিবাগ মোড়ের গ্যাস পাম্পের সামনেও দুটি ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তথ্যসূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button