
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন।
গতকাল শনিবার জেলার বনানী ও তিনমাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার মামলা দিয়ে আদালতে পাঠানো প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে ইয়াবা নিয়ে পুলিশের কাছে ধরা পড়েন মোঃ রুবেল প্রামানিক (৩৭)ও মোঃ হানিফ সাকিদার (৩০)। তাদের দুজনের বাড়ি শাজাহানপুর উপজেলার দাড়িকামারী পশ্চিমপাড়া গ্রামে।
আর মোঃ বিশু (৩৭)ও মোঃ জহুরুল ইসলামকে (৪০)গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এদের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া ও চকসূত্রাপুর এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)আতোয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এসআই স্বপন মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রুবেল ও হানিফকে তল্লাশী করলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার তিনমাথা ফ্লাইওভারের নিচে এসআই মোঃ ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এতে বিশু ও জহুরুলকে আটক করে ডিবি টিম। পরে তাদের কাছে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে চালান করা হবে।



