
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বগুড়া মহানগরের স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে এবং সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের সেউজগাড়ী এলাকার মৃত দিলুর ছেলে মোঃ মুরাদ মন্ডল (৫৫) শেরপুরেউপজেলার গাড়িদহ গ্রামের মোঃ তোতার ছেলে মোঃ সুমন (২৮), সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি এলাকার মোঃ আতর আলীর ছেলে মোঃ মোমিন (৪৫), বিহার কলোনীএলাকার মৃত আব্দুল মান্নার ছেলে মোঃ রাকিব (২৫) এবং গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রামের মৃত তসলিম উদ্দিন মণ্ডলের ছেলে মোঃ সাব্বির (৩১)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে ১৮ গ্রাম গাঁজা ও ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামি মোঃ মুরাদ মণ্ডল ও ২ নম্বর আসামি মোঃ সুমনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া ৩ নম্বর আসামি মোঃ মোমিন ও ৪ নম্বর আসামি মোঃ রাকিবকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে ৫ নম্বর আসামি মোঃ সাব্বিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।



