
মোটরসাইকেল চালানোর সময় ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র রিয়াসাত হাসান রোহান (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মারুফ গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রোহান শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার রবিউল হাসান সরকারের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহান ও মারুফ মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। একই পথে চলাচলরত একটি চালবোঝাই ট্রাকের পিছনের চাকার নিচে মোটরসাইকেল ঢুকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রোহান মারা যান। এ সময় মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং চাকা বিকট শব্দে ফেটে যায়। মারুফকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চালককে আটক করার চেষ্টা চলছে।



