
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৫৬ জনের। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) হাম বা হামের উপসর্গে সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি

