রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর
দাম কমবে খেজুর-আপেল-কমলার

আসন্ন রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ বাড়াতে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল।
মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুরের মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে।
একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। নতুন শুল্কহার অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা সামান্য কমে ২ লাখ ৫৮ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার টনে। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৭০ হাজার টন হয়।
২০২৪-২৫ অর্থবছরে আপেল আমদানি ছিল ১ লাখ ৬২ হাজার টন, যা ওই সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
অন্যদিকে, গত ছয় অর্থবছরে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ২ লাখ ৯৫ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি আরও কমে দাঁড়ায় ২ লাখ ২০ হাজার টনে এবং ২০২৩-২৪ অর্থবছরে নামে ১ লাখ ৭৩ হাজার টনে।
এরপর ২০২৪-২৫ অর্থবছরে কমলা আমদানি ছিল ১ লাখ ৬৯ হাজার টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমে আসে, যা উল্লিখিত সময়ের মধ্যে সর্বনিম্ন।
তথ্যসূত্র: দি ডেইলি স্টার



