নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

একই হলফনামায় ঢাকায় বৈধ বগুড়ায় বাতিল মান্নার মনোনয়ন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র ঢাকার ঢাকা-১৮ সংসদীয় আসনে বৈধতা পেলেও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তাঁর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। একই হলফনামার ভিত্তিতে দুই আসনে ভিন্ন সিদ্ধান্ত আসায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বগুড়া-২ আসনে দাখিল করা মাহমুদুর রহমান মান্নার হলফনামায় একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফৌজদারি মামলার তথ্য গোপন রাখা, যে এফিডেভিট দাখিল করা হয়েছে তা সম্পাদনের একদিন পর প্রার্থীর স্বাক্ষর এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম জমা না দেওয়া। এসব কারণে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।

তবে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়া-২ আসনে তাঁর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন।

তিনি দাবি করেন, প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের কাজ নয়, বরং নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করাই তাদের মূল দায়িত্ব।

উল্লেখ্য, যুগপৎ আন্দোলনে বিএনপির অন্যতম শরিক নাগরিক ঐক্য। বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন দিয়েছে বিএনপি। তবে তিনি ঢাকা-১৮ আসনেও মনোনয়ন দাখিল করেছেন। এ বিষয়ে মান্না বলেন, ঢাকা-১৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত।

এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের জোটে থাকা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, যা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button