
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় ওভার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মো. মামুন (৩৮)। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দু পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওভার ব্রিজে ওঠার সময় সামনে চলমান একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মামুনের মৃত্যু হয় এবং যাত্রী মুক্তার আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত মুক্তার আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। পুলিশ জানায়, অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



