বগুড়া জেলা
প্রধান খবর

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে স্বীকৃতি পেল বগুড়ার দুই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়ন এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত সেমিনার ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে স্বীকৃতি পেয়েছে বগুড়ার দুটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন। এছাড়া রাজশাহী বিভাগের আওতাধীন লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা অংশ নেন।

বিভাগীয় পর্যায়ের এ আয়োজনে রাজশাহী বিভাগের ১০টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে রাজশাহীর চারটি, বগুড়ার দুটি এবং নওগাঁর চারটি প্রতিষ্ঠান ছিল। অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

বগুড়া থেকে অনুদানপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠান হলো শহরের তিনমাথা এলাকার ‘রেনেসা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ এবং বারপুর এলাকার ‘চেঞ্জ দ্য লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিললুর রহমান জানান, জেলায় বর্তমানে ১৯টি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এছাড়া নতুন করে আরও চারটি প্রতিষ্ঠানের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াধীন।

তিনি বলেন, রোগীসেবা, মানসম্মত কাউন্সেলিং এবং পুনর্বাসনমূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় রেনেসা ও চেঞ্জ দ্য লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে সরকারি অনুদানের জন্য মনোনীত করা হয়েছে।

উপপরিচালক আরও জানান, চলতি বছর সারা দেশে মোট ৮২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মধ্যে সরকারি অনুদান হিসেবে ১ কোটি ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ অনুদান কেন্দ্রগুলোর চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনুদান ও প্রশিক্ষণমূলক কার্যক্রম বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button