
বগুড়ায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সদরের অবৈধ তিনটি ইটভাটা দমন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
অভিযানকৃত ইটভাটাগুলো হলো:
সদরের সাবগ্রাম এলাকার মেসার্স সারিয়াকান্দি ব্রিকস
চকঝপু এলাকার পুলক ব্রিকস
বুজরুক মাঝিড়া এলাকার মেসার্স টিএমএসএস ব্রিকস
মেসার্স সারিয়াকান্দি ব্রিকস ও পুলক ব্রিকসের চিমনী সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। টিএমএসএস ব্রিকসের চিমনী আংশিক ভাঙা হয়েছে এবং ৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশবান্ধব ব্লক ইট বা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল-জি ইট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ, পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, জেলা পুলিশের একটি টিম, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস।



