বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চানাচুর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি চানাচুর কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) বগুড়া সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে “মাহী চানাচুর” ও “রুচি ফুড” নামের দুটি কারখানায় এ জরিমানা আরোপ করা হয়।

জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

অভিযানকালে কারখানা দুটিতে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে-
দীর্ঘ ২ থেকে ৩ মাস ধরে ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজা,
অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেঝেতে চানাচুরে মসলা মেশানো,
অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার,
বিএসটিআইসহ প্রয়োজনীয় মানসনদ ও নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন,
এবং মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য ব্যবহার।

এসব অপরাধে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় “মাহী চানাচুর”কে ১ লাখ টাকা এবং “রুচি ফুড”কে ১ লাখ টাকা, মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধিমালা অনুযায়ী জব্দকৃত খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button