বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান: ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় একটি কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মো. শাহজালাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বগুড়া জেলা প্রশাসন। অভিযানটি পরিচালিত হয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাহমুদুল হাসান, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়। এ সময় বগুড়া জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে শাকিল আহমেদের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয় এবং কারখানার মালিক শাকিলকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



