
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় পাবনা জেলাকে ৬ উইকেটে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জেলা দল।
নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাবনা জেলা দল। তবে বগুড়ার দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাবনা জেলা দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান।
পাবনার পক্ষে সর্বোচ্চ রিফাত ৬৩ রান করেন। বগুড়ার হয়ে বোলিংয়ে দাপট দেখান সাদিক, যিনি ৫টি উইকেট শিকার করেন। শিহাব নেন ৩টি উইকেট এবং আলিফ ও অহন একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং করে বগুড়া জেলা দল। তারা ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে ম্যাচে জয় নিশ্চিত করে। বগুড়ার পক্ষে তাহমিদ ৫৪ রান ও সুফিয়ান ৩৬ রান এবং তুষার আহম্মেদ অপরাজিত ৩৩ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য বগুড়া দলের তাহমিদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, বিসিবির কাউন্সিলর রুবায়েত হক সুনানসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা।



