বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় অনলাইন অ্যাপে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ডিজিটাল ওয়ালেট ও বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া মহানগরের কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা নাজিম উদ্দিন (৪২) ও এর সহযোগী মোঃ ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)। তবে মূল হোতা নাজিম উদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx-সহ বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার জানান, চক্রটি অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। পরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লেনদেনের আড়ালে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে ।

এই বিভাগের অন্য খবর

Back to top button