নন্দীগ্রাম উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম থানাধীন নামুইট বাজারের প্রায় ৩০০ গজ পশ্চিমে কাথম-কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ দিক থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে নন্দীগ্রাম থেকে কালীগঞ্জগামী রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি ট্রাকের পাশে সজোরে আঘাত করলে চালক ও আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন- সিজানুর রহমান লিমন (১৭), পিতা মো. লিটন আলী, সাং আব্দুলপুর, থানা লালপুর, জেলা নাটোর এবং
মো. নেহাল ওরফে স্বাধীন (১৭), পিতা মো. রতন সরদার, সাং ভরতেতুলিয়া দক্ষিণপাড়া, থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া।
দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনায় তাদের মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরবর্তীতে নন্দীগ্রাম থানার এসআই মো. মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকসহ দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নন্দীগ্রাম থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button