
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) এবং নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চান মিয়া ওরফে সুইট (৫০)। চান মিয়া পেশায় একজন কৃষক এবং আজিজার রহমান আনসার সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামরুলের মাঠে আলুর জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তাঁর মোটরসাইকেলে ওঠেন। পরে দারিয়াপুর পালপাড়া এলাকার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা দুই জনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চান মিয়াকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



