
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ার নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু জনপ্রিয়তার ওপর ভর করে বসে থাকলে চলবে না-ভোটারের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের হলরুমে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।
সভায় কয়েকজন নেতা দাবি করেন, বগুড়ায় ধানের শীষের জনপ্রিয়তা এমন পর্যায়ে রয়েছে যে মাঠে না নামলেও বড় ব্যবধানে জয় নিশ্চিত। তবে এ বক্তব্যের সঙ্গে একমত হননি তারেক রহমান। তিনি বলেন,
“আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে সংযোগ ছাড়া কোনো বিজয় টেকসই হয় না।”
নিজের নির্বাচনী অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, এবারের নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দেশব্যাপী প্রচারণার কারণে নিজ এলাকায় সময় কম দিতে হবে। এ পরিস্থিতিতে তিনি স্থানীয় নেতাকর্মীদের ওপর দায়িত্ব অর্পণ করে বলেন,
“এই ঘাঁটির দেখভাল আপনাদের হাতেই দিলাম। জনগণের সঙ্গে সম্পর্ক ধরে রাখার দায়িত্ব আপনাদের।”
সভা শুরুর পর প্রথমেই তৃণমূল নেতাদের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন বিএনপির চেয়ারম্যান। প্রায় দেড় ঘণ্টার এই মতবিনিময়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



