দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় লোটো শোরুমের ম্যানেজার পিন্টু হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাহস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সিয়াম হোসেন ওরফে সাহসকে (২৭) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১৬ অক্টোবর রাতে নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণ দুলালপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিয়াম হোসেন ওরফে সাহস বগুড়া জেলার আদমদীঘি থানার জিনুইর গ্রামের রেজাউল করিমের ছেলে।

মামলার এজাহার থেকে জানাগেছে, নিহত পিন্টু আকন্দ (৩৮) প্রায় তিন বছর ধরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সিও অফিস মোড়সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহী সুজনের লোটো শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে দোকানের কেনাবেচা শেষে শোরুম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন পিন্টু। এ সময় শোরুমের ভেতরে ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রবেশ করে। কথাবার্তার একপর্যায়ে তারা পিন্টুকে জোরপূর্বক টানাহেঁচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়।

পিন্টুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা তাকে নিয়ে সিও অফিস মোড় থেকে নওগাঁ সড়কের দিকে চলে যায়।

ঘটনার খবর পেয়ে পিন্টুর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শোরুমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপহরণে ব্যবহৃত সাদা হাইয়েস মাইক্রোবাসটি শনাক্ত করা হয়।

খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, বগুড়ার আদমদীঘি থানার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ থেকে কোমরপুরগামী পাকা সড়কের পাশে মো: তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর দিকে পিন্টুকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে পিন্টুর মরদেহ দেখতে পান।

এজাহারে আরও উল্লেখ আছে, তাঁর নাক-মুখে সাদা স্কচটেপ লাগানো ছিল এবং নাক দিয়ে সামান্য রক্ত বের হচ্ছিল। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে জড়িত আসামিরা পলাতক ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের শনাক্ত করতে এসআরবি-১২, সিপিএসসি বগুড়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর রাতে এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ও এসআরবি-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সহায়তায় নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণ দুলালপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে সারোয়ার নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায়।

অভিযানকালে পিন্টু আকন্দ হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো: সিয়াম হোসেন ওরফে সাহসকে গ্রেফতার করা হয়।

সিপিএসসি এসআরবি- ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো: নাসির উদ্দিন জানান, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button