নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ব্যানারসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালসীমাটি গ্রামে (৪ ও ৫ নম্বর ওয়ার্ড) অবস্থিত নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন এবং শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় চা দোকানদার মো. মিন্টু মিয়া বলেন, “রাত ২টা পর্যন্ত আমি দোকানে ছিলাম। তখন বিএনপির নির্বাচনী অফিসের ভেতরে লাইট জ্বলছিল। এরপর বাসায় চলে যাই। রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।”

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু অভিযোগ করে বলেন, “গাড়িদহ ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম দেখে একটি রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, প্রশাসন এই ষড়যন্ত্র রুখে দেবে এবং দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম আলী বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button