বগুড়ায় মরিচ-হলুদের গুঁড়ায় কাপড়ের রং
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা, ১ মাসের জেল

মরিচ গুঁড়া ও হলুদের গুঁড়ায় কাপড়ের শিল্পে ব্যবহৃত টেক্সটাইল রং মিশিয়ে বাজারজাত করার অভিযোগে বগুড়ায় একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা এবং ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২-০২-২০২৬ খ্রি.) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর বগুড়া জেলা কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় কাজীপাড়া, মাদলা, শাজাহানপুর এলাকায় অবস্থিত আরএসি ইন্ডাস্ট্রি নামক মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায় টেক্সটাইল রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়া প্রস্তুত করা হচ্ছে,অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মসলা তৈরি করা হচ্ছে ও পঁচা মরিচ ও নষ্ট হলুদ গুঁড়া প্রক্রিয়াজাত করা হচ্ছে।

আনুমানিক ৫ কেজি হলুদ রং ও ১ দশমিক ৫ কেজি লাল রং জব্দ করা হয়, যা শিল্পকারখানায় ব্যবহৃত এবং খাদ্যে সম্পূর্ণ নিষিদ্ধ।

দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ধারায় ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় ও ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশ এর একটি টিম।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



