
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করার অভিযোগে বগুড়ায় দুই সেমাই কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪-০২-২০২৬ খ্রি.) যৌথভাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।
অভিযানে আটা পাড়া এলাকায় অবস্থিত ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়া এলাকার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা হচ্ছে,অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত,ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই তৈরি।

এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদি হাসান। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী মোঃ আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি টিম।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।



