বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন আখন্দ এবং সদস্য সচিব মেহেরুল সুজন

ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাব এর সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া এর সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস.এম. আবু সাঈদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান এস.এম. আবু সাঈদ, এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।
সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে সদস্য সচিব মেহেরুল সুজন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর সংগঠনটি আবার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত দেশের সরকারি-বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের প্রতিনিধিদের সদস্যপদে অগ্রাধিকার দেওয়া হবে এবং জেলার সব টেলিভিশন সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হবে।



