বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মসলার দোকানে ধানের তুষ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের ফতেহ আলী বাজার এলাকায় ভেজাল মসলা সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে শহরের ফতেহ আলী বাজারের ছাতাপট্টি গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে “দোলন” নামের একটি খুচরা মসলা বিক্রির দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পচা ও নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

এছাড়া বগুড়া হলুদ মিলে “মৌরি হলুদ” নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো মানের হলুদের সঙ্গে মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল বলে জানা যায়।

এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দোলন মসলার দোকানকে ৫০ হাজার টাকা এবং বগুড়া হলুদ মিলকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর বগুড়া জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button