বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আহসানুল তৈয়ব জাকির

এ কে এম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বেলা ২টায় বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। রাজনৈতিক জীবনে তিনি সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সোনাতলা উপজেলা বিএনপির চারবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায়ও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে পরে বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুল-কে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এই বিভাগের অন্য খবর

Back to top button