পহেলা বৈশাখে শিবগঞ্জে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রথম পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ-এ তিন হাজারের বেশি কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হবে।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা বৈশাখ-এ এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফের মতো পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
গতকাল দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর দূরদর্শী উদ্যোগের স্মারক। এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিলহামলা খালের প্রায় তিন কিলোমিটার পুনঃখনন করা হবে। খাল খনন কার্যক্রমে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।



