
বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘ফোর স্টার দিন সমিতি’র নামে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতর উপলক্ষে গরুর মাংস সরবরাহের কথা বলে প্রায় ১,৩০০ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সংশ্লিষ্টরা আত্মগোপনে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগের তীর বগুড়া পৌরসভা-র ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিম-এর দিকে। স্থানীয়দের দাবি, আকরাম ও শাহীনসহ কয়েকজন মিলে সমিতিটি পরিচালনা করতেন।
জানা গেছে, রমজানের ২৭ তারিখে সদস্যদের মধ্যে গরুর মাংস বিতরণের কথা ছিল। এজন্য আগে থেকেই একটি প্যান্ডেলও নির্মাণ করা হয়। তবে নির্ধারিত দিনে সেখানে কাউকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা জানান, ঈদের আগে কম দামে মাংস পাওয়ার আশায় তারা কিস্তিতে বা এককালীন টাকা জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আয়োজকরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



