বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ১০২ প্রান্তিক খামারিকে কৃষি যন্ত্রপাতি সহায়তা দিল গাক

বগুড়ায় ১০২ জন প্রান্তিক কৃষকের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি, ডেইরি ও পোল্ট্রিজাত মেশিনারিজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)।

রবিবার সকালে শহরের বনানীতে অবস্থিত গাক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম উপকারভোগীদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন।

সিটি ব্যাংকের বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমের আওতায় ‘নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।

প্রকল্পের আওতায় ৪০ জন কৃষককে ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন, ১০ জনকে মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য রেফ্রিজারেটর, ৮ জনকে সরিষার ঘানি মেশিন, ১৭ জনকে ঘি তৈরির ক্রিম সেপারেটর এবং ২৪ জনকে দুগ্ধজাত পণ্য পরিবহনের ট্যাংকার প্রদান করা হয়।

এছাড়াও প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ে আর্থিক সহায়তা এবং সাড়ে চার হাজার কৃষককে নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে গাক-এর উপ-পরিচালক আরমান হোসেন, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরদারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রকল্পটি বগুড়া জেলার সদর, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলাসহ বরিশাল বিভাগের কয়েকটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় প্রায় ৪৫০০ প্রান্তিক কৃষক প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি সহায়তা পাচ্ছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button