গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিনের ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া জেলার গাবতলী উপজেলা এলাকায় একটি শ্যালো মেশিনের ঘর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়ন-এর নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তাঁর লাশ পাওয়া যায়।

নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাঁচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি সালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার রাতে সেচ দেওয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে যায়।

রোববার সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির ভাতিজা সোহেল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, দুর্বৃত্তরা আব্দুল লতিফকে হত্যা করে উলঙ্গ অবস্থায় ধানের খেতে ফেলে রেখেছে। সেচঘরটিও ভাঙা অবস্থায় পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে রাতে সেখানে ধস্তাধস্তি হয়েছিল।

এ বিষয়ে গাবতলী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button