বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানা থেকে ৩ জন গ্রেপ্তার

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে অবৈধ সিগারেট কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট, সিগারেট তৈরির উপকরণ ও ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত অসিত কুমার ঘোষ জানতে পারেন, রাঙ্গামাটিয়া গ্রামের এক প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী কারখানা গড়ে তুলে নকল ডার্বি ও স্টার সিগারেট তৈরি করা হচ্ছে। পরে খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন- মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)। তারা সবাই নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক রাজস্ব মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট, ১০ হাজার শলাকা খোলা স্টার সিগারেট, ৪ হাজার খালি স্টার সিগারেটের প্যাকেট এবং প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত দুটি পলিথিন রোল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারা এবং ট্রেডমার্ক আইন, ২০০৯-এর ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button