
বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রাম এলাকায় নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, মরদেহটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তি নারী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে এলাকায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এক কৃষক দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নদীর ধারে মরদেহটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, এর আগে ওই এলাকায় কোনো দুর্গন্ধ ছিল না। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।



