বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার শিবগঞ্জে শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল কর্মকর্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা সুজন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা দাড়িদহ বাজারে ছিলেন। এ সময় হঠাৎ খবর পান কিছু লোক তাদের বাড়িতে প্রবেশ করেছে। পরে বাড়িতে গিয়ে দেখেন শাহানাজ বেগম বিছানায় পড়ে আছেন এবং তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে। দ্রুত তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



