
বগুড়ার শিবগঞ্জে মমেনা বেগম (৭০) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার সকাল ৬টা ও সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার পাঁচপাইকা হরিতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলাল হোসেন (৪২) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। তারা শিবগঞ্জ উপজেলার হরিরামপুর জাবারীপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ জানায়, গত ৫ এপ্রিল সকালে শিবগঞ্জ উপজেলার জাবারীপুর গ্রামে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মমেনা বেগম তার মেয়ে শেফালী বেগমকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলাল হোসেনকে ১ নম্বর এবং স্বপ্না বেগমকে ২ নম্বর আসামি করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার এড়াতে তারা গাবতলীর পাঁচপাইকা হরিতলা এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



