
বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় যুবক রবিন হত্যা মামলার পাঁচ পলাতক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা ও ইপিজেড থানার বন্দরটিলা দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তারা সবাই বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১২ জানায়, গত ৫ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে পূর্বশত্রুতার জেরে বগুড়া সদরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় রবিনকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় তাকে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া এবং র্যাব-৭ চট্টগ্রামের যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



