
বগুড়ায় ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার জেরে আরও দুজন ছুরিকাহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে বগুড়া শহরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম বগুড়া শহরের ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিয়াম তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তার বন্ধুদের মধ্যে একজন সিয়ামের বুকে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় সিয়ামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার জেরে সিয়ামের লোকজন তুহিন ও তুর্যকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।



