বগুড়া জেলা
প্রধান খবর

দাম বাড়লেও বগুড়ায় তেল নিতে মানুষের ভিড় কমেনি

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বগুড়ায় কমেনি ভোক্তাদের ভিড়। বরং শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি।

নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে। পেট্রোল লিটারে বেড়েছে ১৯ টাকা এবং অকটেনের দাম বেড়েছে ২০ টাকা।

দাম বাড়ার পরও শহরের মিতালি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়, যা গিয়ে পৌঁছেছে রেলওয়ে স্টেশন পর্যন্ত। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জনপ্রতি ৫০০ টাকার অকটেন সংগ্রহ করছেন।

চালকদের ভাষ্য, কষ্ট হলেও তেল পেয়ে কিছুটা স্বস্তি মিলছে। তবে হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।

অন্যদিকে ডিজেল নিতে আসা কৃষকদের ভোগান্তি আরও প্রকট। তাদের দাবি, তেলের অভাবে ঠিকমতো জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই বলছেন, দাম বাড়লেও সমস্যা নেই, প্রয়োজন শুধু তেলের নিশ্চয়তা।

মিতালি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, দাম বাড়লেও তেলের চাহিদা কমেনি। বরং আগের মতোই চাপ রয়েছে, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে সরকার নির্ধারিত দামেই তেল বিক্রি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও।

জ্বালানি তেলের এই মূল্য অস্থিরতা সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষি খাত পর্যন্ত বিস্তৃত প্রভাব ফেলছে। এখন দেখার বিষয়, পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button