
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে পৈত্রিক ভিটায় কর্মসূচি শেষে নিজ বাড়িতে বসে হালকা নাস্তা করেন। পরে তিনি বগুড়া সার্কিট হাউজে দুপুরের খাবার খান।
মধ্যাহ্নভোজের খাবারের তালিকায় ছিল নাজিরশাল চালের ভাত, বগুড়ার বিখ্যাত আলুঘাটি, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাশি মাছের চড়চড়ি, গরুর ভুনা, মসুর ডাল, শশা ও টমেটোর সালাদ, দেশি মুরগি এবং বগুড়ার বিখ্যাত সাদা ও মিষ্টি দই।
খাবার প্রস্তুতের জন্য ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার টিমকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার এনডিসি রশিদুল ইসলাম।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাবারের তালিকা পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী রান্না করা হয়। তবে অতিরিক্তভাবে যুক্ত করা হয় বগুড়ার জনপ্রিয় আলুঘাটি ও দই। প্রধানমন্ত্রী গরুর মাংস দিয়ে আলুঘাটি এবং দইয়ের স্বাদ নেন।
তারেক রহমান নিজ বাড়িতে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। প্রায় ২০ বছর পর তিনি নিজের বাড়িতে যান।
অন্যদিকে, ডা. জুবাইদা রহমান বিয়ের পর এবার নিয়ে তৃতীয়বার শ্বশুরবাড়িতে গেছেন বলে জানা গেছে।



